সেলফি তুলতে গিয়ে মৃত্যু

পঞ্চগড়পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেলফি তুলতে গিয়ে বিল্লাল হোসেন (২২) নামে এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে তেঁতুলিয়া উপজেলার বোয়ালমারী এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল হোসেন তেঁতুলিয়া উপজেলার ডাকবদলি মাঝিপাড়া এলাকার কাবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিল্লাল হোসেন কালান্দি বাজার থেকে ট্রাক্টর নিয়ে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ধরে মাঝিপাড়ার দিকে যাচ্ছিলেন। বোয়ালমারী এলাকায় এইচ আর ফিলিং স্টেশনের সামনে এলে বিল্লাল চলন্ত ট্রাক্টরে বসেই সেলফি তুলছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি সড়কের পাশে থাকা বালুর স্তূপে ধাক্কা খেয়ে উল্টে যায়।  ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বিল্লাল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল হক ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।