নবগঙ্গা নদীতে কচুরিপানা অপসারণ অভিযান শুরু

নবগঙ্গা নদীতে কচুরিপানা অপসারণ অভিযান শুরুপানিপ্রবাহ বহমান রাখতে ঝিনাইদহের নবগঙ্গা নদী থেকে কচুরিপানা অপসারণ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের ধোপাঘাটা এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

এ সময় এই কর্মসূচির উদ্যোক্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমেদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মুনিম লিংকন, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, স্কাউট কমিশনার আবু বক্কারসহ গ্রাম পুলিশ, স্কাউট সদস্যরাসহ কয়েকটি মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম বলেন, ‘নবগঙ্গা নদী বাঁচাতে ও এর পানিপ্রবাহ বাধামুক্ত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও  বলেন, ‘ঝিনাইদহ শহরের ওপর দিয়ে প্রবাহিত প্রায় পাঁচ কিলোমিটার এলাকার কচুরিপানা পরিষ্কার করা হবে। এতে নবগঙ্গা নদীর স্রোতধারা ঠিক থাকবে। সেই সঙ্গে নদীর স্বাভাবিক চিত্র ফিরে আসবে।’