মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
‘খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আদালতের রায়ে দণ্ডিত কোনও কয়েদিকে আইনি লড়াই ছাড়া মুক্তি দেওয়ার কোনও বিধান নেই। এক্ষেত্রে দ্বিতীয় পথ হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করে মুক্তির জন্য আবেদন করা। এক্ষেত্রে রাষ্ট্রপতি ব্যাপারটা বিবেচনা করলে দণ্ডিতের মুক্তি হতে পারে। এর বাইরে মুক্তি পাবার কোনও সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা নিজেরাও জানে খালেদা জিয়া দুর্নীতি করে টাকা আত্মসাৎ করেছিল। খালেদাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না বিধায় তারা (বিএনপির নেতাকর্মীরা) আদালতকে বাদ দিয়ে অন্য লাইনে যাওয়ার চেষ্টা করছে।’
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছিল, দ্বিতীয়বার তারা সে ভুল আর করবে না। বিএনপি যদি আবারও নির্বাচন বর্জন করে, তাহলে এটা হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগ সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।