চট্টগ্রামে নাশকতার মামলায় বিএনপির ৩ নেতাকর্মী রিমান্ডে

আদালত

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার প্রশান্তি আবাসিক এলাকা থেকে গ্রেফতার হওয়া বিএনপির তিন নেতাকর্মীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) মহানগর হাকিম হেনাজ রহমান এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া তিন জন হলেন– আকবর শাহ থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম (৬৫) এবং শহিদুল্লাহ ভূঁইয়া (৬৫) ও মোহাম্মদ গোলাম কিবরিয়া গোলাপ (৩১)।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গত ৬ সেপ্টেম্বর প্রশান্তি আবাসিক এলাকা থেকে ওই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। নাশকতার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।