মোবাইল ফোন ট্র্যাকিং করে স্কুলছাত্রী ধর্ষণ মামলার মূল আসামি গ্রেফতার

সাভারধামরাইয়ে স্কুল থেকে ডেকে নিয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে সংঘব্দ্ধ ধর্ষণের ঘটনার মূল আসামি মুনকে (১৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ময়মনসিংহের ত্রিশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় জড়িত অনান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’

মামলায় অভিযোগ করা হয়, গত সোমবার (১০ সেপ্টেম্বর) আলামিন নামের এক যুবক স্কুল থেকে ওই ছাত্রীকে ডেকে নিয়ে পাশেই পাঠানটোলা এলাকায় মুনের বাড়ির তিন তলার চিলেকোঠায় নিয়ে তাকে ধর্ষণ করে। আগে থেকেই ওই ছাদে ওঁত পেতে থাকা নিলয় হোসেনসহ (২২) অজ্ঞাতনামা দুই যুবক স্কুলছাত্রীর মুখ বেঁধে পালাক্রমে তার ওপর নির্যাতন চালায়। পরে স্কুলছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। 

এ ঘটনার পরের দিন মঙ্গলবার দুপুরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় চার জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে ময়মনসিংহ এলাকা থেকে মামলার মূল আসামি মুনকে গ্রেফতার করে।

আরও পড়ুন- ধামরাইয়ে স্কুল থেকে ডেকে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ