ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

গাজীপুরইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলে মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টায় শ্রীপুর পৌরসভার কেওয়া (বকুলতলা) গ্রামের জালাল উদ্দিনের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সদরের আনোয়ার হোসেনের স্ত্রী সেলিনা আক্তার (৫৫) ও তার ছেলে সেলিম মিয়া (২০)।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, আনোয়ার হোসেন প্রায় তিন বছর আগে কাজের সন্ধানে নেত্রকোনা থেকে সপরিবারে গাজীপুরের শ্রীপুরে আসেন। তারা পৌরসভার কেওয়া গ্রামের জালাল উদ্দিনের বাড়িত ভাড়া নিয়ে বসবাস করছিলেন। আনোয়ার হোসেন এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মা এবং ছেলে স্থানীয় নাকিব স্পিনিং মিলে শ্রমিকের চাকুরি নেন। বৃহস্পতিবার সকালে ছেলে সেলিম মিয়া ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। মা সেলিনা আক্তার ছেলেকে বাঁচাতে হাত ধরে টান দিলে মা-ছেলে উভয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তেই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই মোস্তাফিজুর রহমান।