মানিকগঞ্জে ধর্ষণ মামলায় নন্দ গোপাল সরকার নামে একজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) একেএম নুরুল হুদা রুবেল এ খবর নিশ্চিত করেন।
সাজাপ্রাপ্ত নন্দ গোপাল সরকার পলাতক রয়েছে। সে শিবালয় উপজেলার নিহার চন্দ্র পালের ছেলে।
পিপি একেএম নুরুল হুদা রুবেল জানান, ২০১০ সালের ৭ এপ্রিল এক নারীকে ধর্ষণ করে নন্দ গোপাল সরকার। ঘটনার পরদিন ওই নারী ঘিওর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯ (১) ধারায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৭ জুন নন্দ গোপাল সরকারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। শেষমেশ আট জনের সাক্ষ্য নিয়ে বিচারক আজ এ মামলার রায় দেন।