ভোলা মিতু হত্যা মামলার অন্যতম আসামি। মিতু হত্যার ঘটনায় ব্যবহৃত পিস্তল ভোলা সরবরাহ করে বলে অভিযোগ রয়েছে।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডবলমুরিং থানার একটি মামলায় আসামি ভোলাকে আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’
উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় মিতুকে ছুরিকাঘাতের পাশাপাশি গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাত তিনজনের নামে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর ৬ জুন নগরীর বাদুড়তলা এলাকার একটি গ্যারেজ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। ২৬ জুন অভিযুক্ত মোতালেব মিয়া ওয়াসিম ও আনোয়ারকে আটক করে গোয়েন্দা পুলিশ। স্বীকারোক্তিতে তারা দাবি করে, ‘মুছা এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং টাকার বিনিময়ে তাদের ভাড়া করা হয়। ঘটনার দিন মুছা মিতুর মাথায় গুলি করে এবং নবী তাকে ছুরিকাঘাত করে। রাশেদ, শাহজাহান ও কালু তাদের সহযোগিতা করে। অস্ত্র সরবরাহ করে ভোলা।’ এরপর ২৮ জুন নগরীর বাকলিয়া এলাকা থেকে ভোলা ও তার সহযোগী মনিরকে আটক করে পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়। তার নামে নগরীর বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।