গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd-তে প্রচারিত নিয়মাবলি অনুসারে অনলাইনে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা ২, ৩ এবং ৯, ১০ নভেম্বর, ২০১৮ তারিখে অনুষ্ঠিত হবে।
এবার ৯টি ইউনিটের ৩৪ বিভাগে সর্বমোট ৩ হাজার ২৪৫ জন (বিদেশি শিক্ষার্থী ও কোটাসহ) শিক্ষার্থী ভর্তি করা হবে। ইউনিটগুলো হলো— এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ এবং আই। ডি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর; এফ এবং জি ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ নভেম্বর; সি এবং এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর; এ, বি এবং আই ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এ ইউনিটের অধীনে বিভাগগুলো হচ্ছে— কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ ইঞ্জিনিয়ারিং।
বি ইউনিটের অধীনে বিভাগগুলো হলো— গণিত, পরিসংখ্যান, রসায়ন, পদার্থবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা। সি ইউনিটের অধীনে বিভাগ হলো— ফার্মেসি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, মনোবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান। ডি ইউনিটের অধীনে বিভাগ হলো— ইংরেজি, বাংলা, ইতিহাস। ই ইউনিটের অধীনে বিভাগগুলো হলো— সমাজবিজ্ঞান, লোকপ্রশাসন, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞান। এফ ইউনিটের অধীনে বিভাগ হলো— ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। জি ইউনিটের অধীনে বিভাগ হলো— আইন। এইচ ইউনিটের অধীনে বিভাগ হলো— কৃষি, ফিসারিজ অ্যান্ড মেরিন বায়োসাইন্স এবং প্রাণিসম্পদ বিজ্ঞান ও ভেটেরিনারি মেডিসিন। আই ইউনিটের অধীনে বিভাগ হলো— আর্কিটেকচার। জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, এবার মূল আসনের অতিরিক্ত হিসাবে মুক্তিযোদ্ধা কোটায় ৫%, প্রতিবন্ধী কোটায় ১%, খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় ১%, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ১% এবং পোষ্য কোটায় ১% শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া ১০০টি আসন বিদেশি শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে।