নাটোরে ৫০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন

নাটোরে ৫০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপননাটোরের নলডাঙ্গায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোর সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল এই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বানু, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শিমুল বলেন, ‘বাংলাদেশের ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিলেন জননেত্রী শেখ হাসিনা। তার সে ওয়াদা পূরণের অংশ হিসেবে নলডাঙ্গায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যাত্রা শুরু হলো। হাসপাতালটির কাজ শেষ হলে নলডাঙ্গা উপজেলার প্রতিটি মানুষ চিকিৎসা সেবার আওতায় আসবেন।’

নাটোরের সিভিল সার্জন ডাক্তার আজিজুল ইসলাম জানান, ‘মোট ২৬ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হচ্ছে। পাঁচ তলা ফাউন্ডেশনে চার তলা ভবনটিতে ১৫শ’ বর্গফুট আবাসিক কর্মকর্তার কোয়ার্টার থাকবে। ২০১৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজটি শেষ হবে।’ স্বাস্থ্য অধিদফতর কাজটি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।