৩৩ হাজার ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী আটক

র‍্যাবের অভিযানে আটক ৬ জন (ছবি- প্রতিনিধি)

বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্র ও শনিবার এসব অভিযান চালানো হয়। শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব-৮ এর মিডিয়া উইং কর্মকর্তা এএসপি মুকুর চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশালের বাকেরগঞ্জ থানাধীন লেবুখালী ফেরিঘাটের উত্তরপাড় এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ অভিযানে ভোলার চরফ্যাশন উপজেলার হালিমাবাদ এলাকার সালাউদ্দিনের স্ত্রী রাবেয়া বেগম (৩২) ও কক্সবাজারের উখিয়া থানার কতুপালং (৯নং ওয়ার্ড) এলাকার আবদুল আজিজের ছেলে মো. ইব্রাহিমকে (২০) আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ৪৩৯ হাজার পিস ইয়াবা, ৩টি মোবাইল সেট, ৪টি সিমকার্ড ও মাদক বিক্রির ১০ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।

এ ছাড়া, ঝালকাঠি ও বরিশাল থেকে ইয়াবাসহ আরও চার যুবককে আটক করেছে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানার বড় একশ্যেরা পাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব-৮। এ অভিযানে সদরের বহরামপুর এলাকার রাজু ইসলাম (২০) ও বরিশাল সদরের ইছাকাঠী এলাকার মো. মেহেদী হাসানকে (৩১) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-৮ এর ডিএডি মো. নূর উদ্দিন বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ, র‌্যাব-৮ এর আরেকটি দল বরিশালের গৌরনদী থানা এলাকার নন্দন পট্টি গ্রামে অভিযান চালায়। এ অভিযানে ওই এলাকার বাসিন্দা মো. শাহাদাত সরদার (৩০) ও মো. সাইদুল ব্যাপারীকে (২৮) ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।