ঝিনাইদহে মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাদশা খন্দকার নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার সকালে (১৬ সেপ্টেম্বর) হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান, সকালে গ্রামের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

পুলিশ জানায়, শনিবার বিকালে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হন বাদশা। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি।