নাশকতার পরিকল্পনা করার সময় ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার তিন জন ছাত্রশিবিরের সাথী পর্যায়ের বলেও তিনি জানান।
গ্রেফতার তিনজন হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. আসিফ উদ্দিন (২৪), কক্সবাজার জেলার রামু পূর্ব বোমাংখিল এলাকার আবদুল হকের ছেলে মোহাম্মদ এরশাদ উল্লাহ (২২) ও পেকুয়া ফজুরপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে মো. মিজানুর রহমান (২৩)।
ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাহাত্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারের ষষ্ঠ তলার একটি বাসা থেকে দুইটি ককটেল ও বিভিন্ন উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তিন জন ২০১৩ সালের নাশকতার মামলার আসামি।’