মহেশখালীতে অস্ত্রের কারখানার সন্ধান: অস্ত্রসহ কারিগর আটক

 

কক্সবাজারকক্সবাজারের মহেশখালীতে একটি অস্ত্রের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে ১১টি দেশি বন্দুক ও গুলিসহ মোহাম্মদ ইসহাক (৩৫) নামের এক কারিগরকে আটক করা হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

আটক ইসহাক বড় মহেশখালী ইউনিয়নের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, বড় মহেশখালীর পাহাড়ী এলাকায় একটি অপরাধী চক্র অস্ত্র মজুদ করেছে এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। ঘটনাস্থলে পৌঁছালে একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এসময় বেশ কয়েকজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।’

পুলিশ সুপার বলেন, ‘ পরে পুলিশ আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায়। সেখান থেকে ১১টি দেশি বন্দুক, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে। ’ আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।