বকশীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার



22222জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আনুমানিক ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ থানার কাছেই রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল থেকেই বকশীগঞ্জ থানার কাছে রাস্তার পাশে এক বৃদ্ধা নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয়রা কেউ ওই নারীকে চেনেন না। মাঝেমধ্যে তাকে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। তিনি ভিক্ষাবৃত্তি করতেন। লাশ উদ্ধারের সময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো দুটি বেগুন পাওয়া গেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্থানীয়দের ভাষ্য মতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ লাশ হিসেবে তাকে দাফনের ব্যবস্থা করা হবে।’