ঝিনাইদহে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

আদালত

ঝিনাইদহে মাদক মামলায় দুই জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন– চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন চাকলা গ্রামের রবিউল ইসলামের ছেলে মিঠু ইসলাম ও একই এলাকার মৃত মোবরক কাজীর ছেলে কাওছার কাজী।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৭ জুন মহেশপুর উপজেলার কাঠালতলা এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ ওই দুই জনকে আটক করেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্ত ও শুনানি শেষে ওই দুই জন দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেন।