রোহিঙ্গা নারীকে পাচারের অভিযোগে একজনকে কারাদণ্ড

কারাদণ্ডকক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এক রোহিঙ্গা নারীকে পাচারের সময় আইউব আলী (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। ‘বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক। তিনি বলেন, ‘বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে এসিল্যান্ড একরামুল ছিদ্দিকের নেতৃত্বে বিশেষ টহলের সময় উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় সন্দেহ হলে একটি সিএনজি থামানো হয়। সিএনজিতে একজন নারীসহ দুজনকে দেখা যায়। কিছুক্ষণ কথা বলার জানা যায় তিনি রোহিঙ্গা নারী। এসময় ওই নারীর বক্তব্যের ভিত্তিতে পাচারকারী আইউব আলীকে আটক করা হয়। আইউব আলী কক্সবাজার শহরের কলাতলী এলাকার আমির হোসেনের ছেলে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের কারাদণ্ড দেন আদালত।

কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক আরও বলেন, ‘পরিচয় গোপন করে রোহিঙ্গা নারীকে সিএনজি অটোরিকশায় করে কৌশলে পাচার করছিল ওই পাচারকারী। ওই নারী কুতুপালং ডি-৫ এর বাসিন্দা। পরে তাকে পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ‘উখিয়া ক্যাম্প থেকে এক নারীকে বিয়ে করে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। তাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকা সাজা দেওয়া হয়।’