মানববন্ধনে বক্তারা বলেন, গত এক মাসে দুধকুমারের ভাঙনে ঘোগাদহ ইউনিয়নের ব্রহ্মতর, খামার রসুলপুর, খাড়ুয়ারপাড়, জেলে পাড়া গ্রামের প্রায় তিন শতাধিক ঘর-বাড়ি ও শত শত হেক্টর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। ভাঙনের মুখে পড়েছে রসুলপুর তীর রক্ষা বাঁধসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত ঘর-বাড়ি ও জমি। অথচ ভাঙন রোধে কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন।
এ অবস্থায় শিগগিরই ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ঘোগাদহ ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হোসেন, বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য মো. দুলাল মিয়া, আব্দুল আউয়াল ও অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. শামসুল হক প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন গ্রামের কয়েকশ’ মানুষ অংশ নেন।