ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত : ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

 





ট্রেন দুর্ঘটনা-৩ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউট সিগন্যালের কাছে শুক্রবার (২৮ সেপ্টেম্বর)সকাল নয়টায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১০ ঘণ্টা পরও ময়মনসিংহ থেকে তিনটি রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহ আসছিল।
এ দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ঝারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কেওয়াটখালী থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।
উদ্ধার কাজ চলছে দাবি করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপার জহুরুল হক বাংলা ট্রিবিউনকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটির ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ঢোকার আগে আউট সিগন্যালের কাছে চারটি ওয়াগ্যান লাইনচ্যুত হয়। খবর পেয়ে কেওয়াটখালী লোকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন এসে বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার কাজ শুরু করে। শুক্রবার দুপুর ২টার দিকে উদ্ধারকারী ট্রেন দুটি ওয়াগ্যান উদ্ধার করে। এরপর থেকে বাকি দুটি ওয়াগ্যান উদ্ধারের কাজ চলছে। রাত ১২টা নাগাদ উদ্ধার কাজ শেষ হওয়ার পর এসব রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন স্টেশন সুপার। দুর্ঘটনার কারণে ভোগান্তির কবলে পড়েন যাত্রীরা। বাতিল করা হয়েছে ওইসব রুটে চলাচলকারী আন্তঃনগরসহ সব ট্রেনের সিডিউল।