‘স্বাধীনতার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে যে উন্নয়ন হয়েছে, তার কয়েক গুণ বেশি উন্নয়ন হয়েছে গত ১০ বছরে। এ আসনের সব স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। রেলপথ চালু, চন্দনা বারাশিয়া নদী খনন, মসজিদ, মন্দিরের উন্নয়ন হয়েছে। আগামীতে এমপি হলে ফরিদপুর-১ উন্নয়নের রোল মডেল হবে।’
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বে দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। দেশ আজ উন্নয়নের গতিতে ধাবমান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে। সেজন্য আমাদের সবাইকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আগামী সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। কোনও তত্ত্বাবধায়ক-টত্ত্বাবধায়ক হবে না। শেখ হাসিনার নির্বাচনকালীন সরকারের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।’
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের সহ-সভাপতি খোশরুজ্জামান দুলু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এম এ জলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, সহ-সম্পাদক ময়না ইউনিয়নের চেয়ারম্যান নাসির মোহাম্মাদ সেলিম, উপজেলা যুবলীগের আহ্বায়ক চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু প্রমুখ।