রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে অমিত হাসান (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে ছিনতাই হওয়া একটি স্মার্টফোন ও ১৭৬০ টাকা উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে নগরীর রাজপাড়া থানা এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
অমিত হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার বাসিন্দা এবং রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিউ ডিগ্রি কলেজের পাশে এক কলেজছাত্র কোচিং শেষে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়। এ ঘটনায় আরেফিন আরিফ নামে একজনকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়। আরিফের দেওয়া তথ্যে অমিত হাসানকে গ্রেফতার করা হয়।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, গত ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজের পাশে ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা ধাওয়া দিয়ে আরেফিন আরিফকে আটক করলেও অমিত পালিয়ে যায়। পরে আরিফের দেওয়া তথ্যে শুক্রবার অমিতকে গ্রেফতার করে পুলিশ এবং ছিনতাই হওয়া একটি স্মার্টফোন ও ১৭৬০ টাকা উদ্ধার করা হয়।’
ওসি হাফিজুর রহমান আরও জানান, আরিফকে বৃহস্পতিবার এবং অমিতকে শুক্রবার ছিনতাই মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।