সারাদেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কেক কাটা, আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছেন দলীয় নেতাকর্মীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

বাগেরহাটে আনন্দ মিছিলবাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে শহরের রেল রোড থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেল রোড দলীয় কার্যালয়ের সামনে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, সহ-সভাপতি ফরিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ।

র‌্যালিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এর আগে জেলার বিভিন্ন মসজিদ মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোপালগঞ্জে কেক কাটা হয়গোপালগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম মিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আক্রামুজ্জামান আক্রাম, জেলা যুবলীগের সভাপতি জিএম শাহাবুদ্দিন আযম, ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। জেলার অন্যান্য উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নেও আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে অনুরুপ কর্মসূচি পালন করা হয়।

এছাড়া বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বিকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শুক্রবার বিকালে শহরের লোকনাথ টেংকের পাড় ময়দান থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও মোটরযান নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র নায়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

গাজীপুরে আনন্দ মিছিলগাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া থেকে শ্রীপুর উপজেলার শেষ সীমান্ত জৈনা বাজার হয়ে মাওনা উড়াল সেতু পর্যন্ত বর্ণিল শোভাযাত্রা বের করা হয়।  ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম লেনে ২৭ কিলোমিটারের এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৩টায় হোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সন্ধ্যায় মাওনা উড়াল সেতুর নিচে গিয়ে শেষ হয়। গাজীপুর-৩ (শ্রীপুর-গাজীপুর সদরের মির্জাপুর, পিরুজালী, ভাওয়ালগড়) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মো. জামিল হাসান দুর্জয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

হিলি প্রতিনিধি জানিয়েছেন, দিনাজপুরের হিলিতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় হাকিমপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে হিলি বাজারে দলীয় কার্যালয় থেকে হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি হিলি স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী প্রমুখ।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান উপলক্ষে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফরে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন। শনিবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং লন্ডন হয়ে ১ অক্টোবর সকালে ঢাকা পৌঁছবেন।

প্রসঙ্গত, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেসার জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

আরও খবর : জন্মদিন আনুষ্ঠানিকভাবে পালনের আলোচনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী