৪ অক্টোবর লালদীঘি মাঠে সমাবেশের ঘোষণা মহানগর বিএনপির

চট্টগ্রাম মহানগর বিএনপির সংবাদ সম্মেলনকারাগারে থাকা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও  নেতাকর্মীদের বিরুদ্ধে ‘গায়েবি’ মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৪ অক্টোবর বৃহস্পতিবার লালদীঘি মাঠে জনসভা করতে চায় চট্টগ্রাম মহানগর বিএনপি। শনিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগর বিএনপি কার্যালয় নসিমন ভবনে সংবাদ সম্মেলন করে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের নামে দায়ের করা গায়েবি মামলা প্রত্যাহার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা আগামী ৪ অক্টোবর লালদীঘি মাঠে জনসমাবেশ করবো। ওই দিন বিকাল ৩টায় লালদীঘি মাঠে সমাবেশ করবে নগর বিএনপি।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপিকে চট্টগ্রামে বড় কোনও সমাবেশ করতে দিচ্ছে না প্রশাসন। আশা করছি এই ক্ষেত্রে প্রশাসন আমাদের সহযোগিতা করবে।’

সংবাদ সম্মেলনে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশমে বক্কর, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘে জানিয়েছেন তিনি সবার অংশগ্রহণমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করে যাচ্ছেন। কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। ভোটারবিহীন, একতরফা নির্বাচানের পথ প্রশস্ত করতে সরকার চট্টগ্রামসহ সারাদেশে গায়েবি মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। গত ১০দিনে ১৫১জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। নির্বাচনকে ঘিরে তারা (আওয়ামী লীগ) বহর নিয়ে বিভিন্ন জেলায় প্রচারণা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মৃত বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে পুলিশ। ঢাকার চকবাজার থানা বিএনপির আহ্বায়ক আব্দুল ফয়জুল্লাহ ২০১৬ সলের মে মাসে মারা যান। সেই মৃত ব্যক্তির নামেও সম্প্রতি চকবাজার থানায় মামলা করেছে সরকার। শুধ তাই নয়, দুই বছর ধরে কাতারে আছেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা শেখ সেলিম উদ্দিন। কয়েকদিন আগে তার নামেও আকবর শাহ থানায় মামলা হয়েছে।’

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ খারাপ আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নগর বিএনপির নেতাদের অফিস ও বাসাবাড়িতে তল্লাশির নামে ভাঙচুর চালাচ্ছে। তারা (পুলিশ) বাসা বাড়িতে খুঁজে না পেয়ে বিএনপি নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করছে।’

আরও পড়ুন- ২২ শর্তে সমাবেশের অনুমতি পেলো বিএনপি