নির্বাচন নিয়ে শেখ হাসিনার দুশ্চিন্তা নেই: ইনু

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুজাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষের প্রত্যেকেই কোনও না কোনও অপরাধের সঙ্গে জড়িত, তাই নির্বাচন নিয়ে তার কোনও দুশ্চিন্তা নেই। তিনি নির্বাচনকে ভয় পান না।’ শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার হরিতলা সর্বজনীন পূজা মন্দিরের উদ্বোধন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার প্রতিপক্ষরা অপরাধের সঙ্গে জড়িত। খুনি ও অপরাধীরা শেখ হাসিনার সঙ্গে পাঞ্জা ধরতে যাচ্ছে। আমরা তাদের ভয় করি না।’ তিনি দাবি করেন, সব ষড়যন্ত্র, চক্রান্ত, জঙ্গি ও সন্ত্রাসকে কঠোর হাতে দমন করে সমৃদ্ধি, শান্তি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জামাল আহমেদ, মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।