ঝিনাইদহে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১

ঝিনাইদহঝিনাইদহে ২৩০ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকারসহ নাজমুল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১লা অক্টোবর)সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক নাজমুল ঢাকার শান্তিনগর চামেলিবাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।  

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, অবৈধ ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা সদরের লাউদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সেনাবাহিনী কালারের একটি প্রাইভেট কারের গতিরোধ করে সিকিউরিটি গার্ডের পোশাক পরিহিত চালক নাজমুল হাসানকে আটক করা হয়।পরে গাড়ি থেকে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ফেনসিডিলগুলো চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে ঝিনাইদহ হয়ে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। নাজমুল দীর্ঘদিন ধরে এ ধরনের পোশাক ও গাড়ি ব্যাবহার করে মাদক ব্যাবসা করে আসছিল।