বগুড়া শহরতলী থেকে অস্ত্র-গুলি ও ১০০ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে শহরতলীর এরুলিয়া বাজারের পশ্চিম পাশ থেকে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। বুধবার (৩ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে বগুড়া র্যাব– ১২।
গ্রেফতার দুই জন হলো– জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত অলি মণ্ডলের ছেলে বুলু মণ্ডল (৪২) ও তার স্ত্রী একই গ্রামের মৃত হবিবর রহমানের মেয়ে রেশমা খাতুন (৩৫)।
বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ, বগুড়া ও এর আশপাশের জেলায় মাদক ব্যবসা করে আসছিল বুলু ও রেশমা। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোরও অভিযোগ রয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে গোপনে খবর পেয়ে এরুলিয়া বাজারের পশ্চিম পাশে হারুন ইলেক্ট্রনিক্স দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে এক রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান, ১০০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা পাওয়া গেছে। বুধবার সদর থানায় সোপর্দ করে বুলু ও রেশমার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।