জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে অস্ত্রসহ তিন জঙ্গিকে গ্রেফতারের দাবি করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে উপজেলার মাটিরঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার তিন জন হলো– জয়পুরহাট সদর উপজেলার জামালপুর চারমাথার নুরুল ইসলামের ছেলে নুর আলম সরদার ওরফে পলাশ ওরফে প্রিন্স (২৮), ক্ষেতলালের উত্তর মহেষপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আজিজার রহমান (৫২) এবং সরাফত আলীর ছেলে নুর মোহাম্মদ (৩২)।
পুলিশের দাবি, কিছু জঙ্গি মাটিরঘর এলাকায় গোপনে মিটিংয়ে করছে –এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় কয়েকজন পালিয়ে গেলেও তিন জনকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে পিস্তল, ১২টি ককটেল, এক কৌটা বিস্ফোরক ও ২টি জিহাদি বই উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা ২০০৩ সালে ক্ষেতলালে জঙ্গি-পুলিশ সংঘর্ষের ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। তারা ওই মামলায় গ্রেফতার হওয়ার পর জেলেও গেছে। তবে পরে জামিনে বেরিয়ে এসে পালিয়ে যায়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটে নাশকতার পরিকল্পনা করতেই তারা সভা করছিল।
ওসি শাহরিয়ার খান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা তালিকাভুক্ত জঙ্গি। গোপনে মিটিং করার সময় তাদের গ্রেফতার করা হয়। অস্ত্র ও বিস্ফোরক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’