বোয়ালমারীতে প্রতিপক্ষের গুলিতে নিহত ১

ফরিদপুরফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলা ও গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সবাই গুলিবিদ্ধ। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নিহতের নাম নাজিমুদ্দিন (২০)। সে একই গ্রামের সৈয়দ ইদ্রিস আলীর ছেলে। নিহতের পরিবারের অভিযোগ- উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুর রহমান বাশারের বাড়ির ছাদ থেকে চালানো গুলিতে নাজিমুদ্দিন নিহত হয়।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‌‘পূর্বশত্রুতার জের ধরে এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

স্থানীয়রা জানান, রাতে এক খতনা অনুষ্ঠানে লাউড স্পিকারে গান বাজানোর ঘটনায় সকালে সৈয়দ ইমামুল নামে এক স্কুলছাত্রকে মারধর করে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক সৈয়দ আবদুর রহমান বাশারের লোকজন। এ ঘটনার জের ধরে স্থানীয় মেম্বার সাইদ শেখের নেতৃত্বে লোকজন বাশার চেয়ারম্যানের বাড়িতে হামলা চালাতে যায়। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়ি থেকে হামলাকারীদের ওপর গুলি চালালে নাজিমুদ্দিন নিহত হন।