টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ১

আটক মাদক পাচারকারী ইয়াছিন (হাতকড়া পরানো)কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের চান্দলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। শুক্রবার (৫ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল এ খবর নিশ্চিত করেন।

আটক মো. ইয়াছিন (১৮) সাবরাং চান্দলিপাড়া এলাকার সাব্বির আহম্মেদের ছেলে।

সোমেন মণ্ডল জানান, আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল চান্দলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াছিনকে আটক করা হয়। এ সময় তার আরেক সহযোগী একই এলাকার ফরিদ আহম্মেদের ছেলে মো. হাসান প্রকাশ কালু (২৫) পালিয়ে যায়।

তিনি আরও জানান, ইয়াছিন ও হাসানকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।