ইউপি মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

 

গোপালগঞ্জগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার মনোরঞ্জন বালার বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি বয়স্ক ভাতার কার্ড বিতরণে এবং ওই কার্ড দিয়ে টাকা উত্তোলনের সময় জোরপূর্বক টাকা হাতিয়ে নিয়েছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।  

জানা গেছে, মনোরঞ্জন বালা তার ওয়ার্ডে বিতরণের জন্য ১৭টি কার্ড পেয়েছিলেন। তিনি কার্ড বিতরণের সময় প্রত্যেকের কাছ থেকে ১৫শ’ থেকে ২ হাজার টাকা করে নেন। সম্প্রতি কার্ডধারীরা সোনালী ব্যাংক ঘাঘর বাজার শাখা থেকে ৬ হাজার টাকা করে ভাতা উত্তোলন করেন। ব্যাংক থেকে কার্ডধারীরা ভাতার টাকা নিয়ে বের হওয়ার পর জোর করে মনোরঞ্জন প্রত্যেক ভাতাভোগীর কাছ থেকে তিন-চার হাজার করে টাকা নেন। এ বিষয়ে কার্ডধারী তুলসী হালদার, রাসমণি মিস্ত্রি, অমৃত গাইন উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

মুশুরিয়া গ্রামের কার্ডধারী তুলসী হালদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বয়স্ক ভাতার ৬ হাজার টাকা পেয়েছিলাম। ব্যাংক থেকে ভাতার টাকা নিয়ে বের হওয়ার পর মেম্বার মনোরঞ্জন বালা আমার কাছ থেকে জোর করে ৩ হাজার টাকা নিয়ে গেছেন।’

একই গ্রামের অমৃত গাইন বলেন, ‘কার্ড দেওয়ার আগে আমার কাছ থেকে ১৫শ’ টাকা নিয়েছেন। ভাতার টাকা উত্তোলনের পর ৩ হাজার টাকা নিয়েছেন।’

ইউপি মেম্বার মনোরঞ্জন বালা তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদেরকে জানিয়েছেন, ‘আমি কারও কাছ থেকে কোনও টাকা নিইনি। আমার প্রতিপক্ষ আমার নামে উপজেলা নির্বাহী অফিসারের কাছে  মিথ্যা অভিযোগ দিয়েছে।’

কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা গ্রহণ করা হবে।’