সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, নিহত তাসলিমা আক্তার লুভা ঢাকার ডেমরার শুকুরশী এলাকার আব্দুল লতিফের মেয়ে। তিনি ইডেন মহিলা কলেজের মাস্টার্সের ছাত্রী।
আহতরা হলেন নিগার সুলতানা (২০), রাবেয়া বেগম (৩৫), ইদ্রিস আলী (৪৪), সিমু (২৪), সিমুসহ (২১) কমপক্ষে ১০ জন। তাদের সানারপাড়স্থ প্রো-অ্যাকটিভ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত ইদ্রিস আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম বলেন, ‘আজ দুপুরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি স্টেশন এলাকায় একটি কাভ্যার্ডভ্যান ঘুরানোর সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে একটি লেগুনা দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে এসে লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি ধুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তাসলিমা আক্তার লুভা নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
ওসি আব্দুস সাত্তার জানান, শ্যামলী পরিবহনের বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।