রাসিকের দায়িত্ব নিলেন নতুন মেয়র লিটন

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খায়রুজ্জামান লিটন (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দায়িত্ব গ্রহণ করেছেন নব-নির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শুক্রবার (৫ অক্টোবর) বিকালে রাসিকের নগরভবনের গ্রিন প্লাজায় এক উৎসবমুখর অনুষ্ঠানে তিনি দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে ৩০ জন কাউন্সিলর ও ১০ জন নারী কাউন্সিলরও দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আপনারা আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আমি সবার কাছে ঋণী। আমি এই ঋণ পরিশোধ করতে পারবো না; করতেও চাই না। আমি আপনাদের সঙ্গে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘মেয়রের কাজ শুধু রাস্তা-ঘাট পরিস্কার, ড্রেন পরিস্কার ও মশা মারা নয়। প্রধানমন্ত্রী যেমন দেশের সার্বিকক্ষেত্রে উন্নয়ন করছেন, তেমননি মেয়রের কাজ নগরীর মানুষের সার্বিক কল্যাণ করা। আমি রাজশাহীর মানুষের তেমন কল্যাণ করতে চাই।’

মেয়র লিটন বলেন, ‘রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করতে চাই। রাজশাহী-ঢাকা বিরতিহীন ট্রেন আগামী তিন-চার মাসের মধ্যে চালু করা সম্ভব হবে। এ ছাড়া, রাজশাহী-কলকাতা ট্রেন চালু করবো। রাজশাহীতে বিগত সময়ে শিল্পায়ন হয়নি। শিল্পায়ন করা হবে।’

এর আগে বিকাল ৩টার দিকে সিটি করপোরেশনের কাউন্সিলদের সঙ্গে নিয়ে নগরভবনে আসেন খায়রুজ্জামান লিটন। নগরভবনে পৌঁছালে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নব-নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর জাতীয় পতাকা ও সিটি করপোরেশনের পতাকা উত্তোলন করেন মেয়র লিটন। পতাকা উত্তোলনের পরে বেলুন ও পায়রা উড়ান তিনি। আর সন্ধ্যায় নগরীর কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে দায়িত্বগ্রহণের পর দোয়া-মহফিলে অংশ নেন লিটনসহ দলীয় নেতাকর্মীরা।

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিন।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতির এএইচএচ খায়রুজ্জামান লিটন। গত ৫ সেপ্টেম্বর গণভবনে মেয়র লিটনকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল মার্চ পর্যন্ত প্রথম মেয়াদে মেয়রের দায়িত্ব পালন করেন তিনি।