বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বর্তমান সরকার অকালে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কক্সবাজারের উখিয়া বালুখালীতে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালিত হাসপাতালে একবছর পূর্তি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার ২০১৪ সালের নির্বাচনের খেলা ২০১৮ সালেও খেলতে চাচ্ছে। কিন্তু তা আমরা চলতে দেবো না।’
তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। এ সরকার খালেদা জিয়ার প্রতি মানবতাবোধ পর্যন্ত দেখাচ্ছে না। যারা মানবতার কথা বলে, অমানবিকতা ফুটে উঠেছে খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে রেখে বিচার করার মাধ্যমে।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য দাবি করেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়ানো বিএনপিকে দমন করার লক্ষ্যে। আর তারেক রহমানকে জড়াতে মুফতি হান্নান থেকে জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে, যা মুফতি হান্নান তার আইনজিবীর মাধ্যমে আদালতকে জানিয়েছে। মুফতি হান্নান যাতে আদালতে আর না বলতে পারে সে জন্য সরকার তাকে আরেকটি মামলায় ফাঁসিতে ঝুলিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের প্রতিপক্ষ হচ্ছে বিএনপি। ক্ষমতার অপব্যবহার করে প্রতিপক্ষকে গায়েল করার চেষ্টা করা হচ্ছে, যা জনগণ আগামী নির্বাচনে জবাব দেবে। খালেদা জিয়া যে এতিমদের টাকা চুরি করে নাই, সেটা জনগণ জানে। তাই আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছিল।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্দেশে তিনি বলেন, ‘কাদের সাহেব জনগণের মনজয় করার জন্য ভুলবাল বলে বেড়াচ্ছেন।’
এসময় আরও উপস্থিত ছিলেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসূফ বদরী, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।