দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমানের নামে ফেসবুকে অপপ্রচার চালানোয় এক ব্যক্তির নামে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। হাকিমপুর থানার পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান বাংলা ট্রিবিউনকে জানান, স্থানীয় ফরিদুল নামের এক যুবক তার ফেসবুক আইডিতে চেয়ারম্যান ও আশেপাশের লোকজনকে নিয়ে অপপ্রচার চালায়। সেখানে লেখা হয়- চেয়ারম্যানের আশেপাশে যারা আছে, তারা সবাই গরু চোর এবং ইয়াবা ব্যবসায়ী, এরকম কথাবার্তা লিখে আমার নামে নানারকম অপপ্রচার চালানো হচ্ছে। আমি আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান। আমার নামে এসব অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এতে করে আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে। এছাড়াও আমাকে সামাজিক ও পারিবারিকভাবেও হেয় প্রতিপন্ন করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরীর পরামর্শক্রমে গতকাল সন্ধ্যায় হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, জিডি নম্বর-১৪৫।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, হাকিমপুর উপজেলার ১ নম্বর খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছার রহমানের নামে ডাঙ্গাপাড়া বাজারের মৃত রফিক উদ্দিনের ছেলে ফরিদুল ইসলাম ফেসবুকে বিভিন্ন ধরনের কটূক্তি ও উস্কানিমূলক কথাবার্তা পোস্ট করে আসছিল। এই ঘটনায় ইউপি চেয়ারম্যান থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।