গোপালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

গোপালগঞ্জে গ্রেফতার হওয়া দুই ডাকাত সদস্যগোপালগঞ্জে কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ অক্টোবর) ভোর রাতে কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি গ্রামের মৃত কাঞ্চন শেখের ছেলে মো. রহুল আমির শেখ (২৫) ও একই জেলার কাশিয়ানী উপজেলার মো. নূর ইসলাম মোল্যার ছেলে মো. সুমন মোল্যা (২৪)।

বিকালে কাশিয়ানী থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কাশিয়ানী থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানান।

তিনি জানান, মহাসড়কে ডাকাতি করার জন্য একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের হিরন্যকান্দিতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ১২-১৪ জন সদস্য পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে আন্তঃ জেলা ডাকাত দলের দুই সদস্য মো. রহুল আমিন শেখ ও মো. সুমন মোল্যাকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা, দুটি ছোরা, একটি ছেনদা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অর্ধ ডজন মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এ বিষয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।