সোমবার (৮ অক্টোবর) দুপুরে সরকারিকরণ হওয়ায় টেকনাফ সরকারি কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বদি এসব কথা বলেন। সম্প্রতি কলেজটি সরকারি করায় এ অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। তবে এমপি বদির সংবর্ধনা অনুষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ সভা ও মিছিল করেছে টেকনাফ উপজেলা ছাত্রলীগ।
সংবর্ধনা অনুষ্ঠানে বদি বলেন, ‘গত ১০ বছরে এই এলাকার যে উন্নয়ন হয়েছে তা কোনও এলাকায় হয়নি। তবে এ উন্নয়নের দাবিদার শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শুধু তার প্রতিনিধি হয়ে নৌকা প্রতীক নিয়ে জনগণের সেবা করেছি। টেকনাফবাসী শিক্ষিত হওয়ার পেছনে আমার বাবা (প্রয়াত) এজাহার মিয়া কোম্পানির অবদান রয়েছে। ইয়াবা ব্যবসার সঙ্গে আমার সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারলে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করবো।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া, সদরের চেয়ারম্যান শাহাজান মিয়া, অধ্যাপক আবু তাহের ও ছাত্র সাদ্দাম হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সন্তোষ কুমার শীল ও পারিয়েল সামিহা শারিকা। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌ. আজিজ উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জহির হোসেন।
এদিকে বিকালে ‘বিএনপি-জামায়াত ও অনুপ্রবেশকারী হাইব্রিডদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান’ হয়েছে দাবি করে সভাস্থলের আশপাশে মিছিল ও সভা করে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ মিছিলে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সোলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীসহ কলেজছাত্ররা।
জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ বলেন, ‘এমপি বদি বিএনপি-জামায়াতের লোকজন নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের নামে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এ অনুষ্ঠানে দলীয় কোনও নেতাকর্মীকে দাওয়াত দেওয়া হয়নি। সেখানে শুধু বিএনপি, জামায়াতের লোকজন উপস্থিত ছিলেন। ফলে প্রতিবাদ জানিয়ে সভাস্থলের পাশে ও কলেজ প্রাঙ্গণে মিছিল করেছি।’