সোমবার (৮ অক্টোবর) রাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারসহ পাঁচ ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভা করে শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহার করে।
এদিকে সংগঠনের নেতাদের বহিষ্কারের প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সংশোধনের দাবিতে ছাত্রলীগসহ শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতারা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘সোমবার উপাচার্যের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় গত রবিবার (৭ অক্টোবর) পদার্থবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়ানোর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সহ-সভাপতি ইমরান মিয়া ও পান্না দাস এবং যুগ্ম সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসিন আরাফাতকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়। পরে আজ মঙ্গলবার (৯ অক্টোবর) তাদের সাময়িক বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে।’
প্রক্টর আরও জানান, ‘সোমবার রিজেন্ট বোর্ডের সভায় বোর্ড সদস্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাইদুল হক চৌধুরীকে প্রধান করে একটি অর্ডিন্যান্স সংশোধনী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন এই কমিটির সদস্য হিসেবে থাকবেন। এছাড়া রবিবার শিক্ষকদের সঙ্গে কিছু শিক্ষার্থীর অসৌজন্যমূলক আচরণের ঘটনার বিষয়েও তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রিজেন্ট বোর্ড সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরকে প্রধান করে তিন সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ তিনি জানান, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মহিউদ্দিন তাসনিমের বিরুদ্ধে ওই বিভাগের এক শিক্ষার্থীর আনা যৌন হয়রানির অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ‘যৌন নির্যাতন ও হয়রানি প্রতিরোধ কমিটি’কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক পিনাকী দে জানান, ‘শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করা শিক্ষকদের পদত্যাগপত্র প্রত্যাহার করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে পাঁচ ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স সংশোধনের দাবি জানানো হয়। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ ওঠা ওই শিক্ষকের শাস্তি দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার। এ সময় সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি পান্না দাস ও ইমরান মিয়া, যুগ্ম সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসিন আরাফাত এবং শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার সকালে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের কোয়ান্টাম মেকানিক্স-১ পরীক্ষা শুরু হয়। এ সময় দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের অকৃতকার্য হওয়া এক শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতারা পরীক্ষার হলে নিয়ে আসেন। বিভাগের পক্ষ থেকে অনুমোদন না দেওয়ার পরও জোর করে পরীক্ষা হলে বসিয়ে দেওয়া হয় ওই শিক্ষার্থীকে। বিভাগের শিক্ষকরা বাধা দিতে গেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারসহ তার সহযোগীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।এ ঘটনায় ওইদিন রাতেই শিক্ষকরা সব প্রশাসনিক দায়িত্ব থেকে একযোগে পদত্যাগের ঘোষণা দেন। পরে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের কাছে ৫৬ শিক্ষক পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন-
ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনার অভিযোগে তদন্ত কমিটি গঠন
ভাসানী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতিসহ ৫ নেতাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত
ছাত্রলীগের হাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক লাঞ্ছিত: ৫৬ জনের পদত্যাগ