ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘সামাজিক নিরাপত্তা বলয় গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গ্রাম-গঞ্জের পিছিয়ে পড়া মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা সঠিক স্বাস্থ্য সেবা পাচ্ছে।’
মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে রাজশাহী নগরীর লক্ষীপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের হাসপাতালটি নির্মিত হলে উত্তরাঞ্চলের ৩০ শতাংশ মানুষ বিনামূল্যে এবং স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পাবে।’
তিনি আরও বলেন, ‘হৃদরোগ মোকাবেলায় সরকারের আন্তরিক প্রচেষ্টা রয়েছে। এ সরকার সব মানুষের মৌলিক চাহিদা পূরণে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযুদ্ধ ভাতা চালু করেছে। তাই দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।’
স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জুলফিকার হায়দার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন রওশন, সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক এনামুল হকসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।