২১ আগস্ট মামলার রায় নিয়ে টু শব্দ হলে জবাব দেবে বাংলার মানুষ: নানক

রাজশাহীতে ১৪ দলীয় জোটের সমাবেশআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সারাদেশের মানুষ গ্রেনেড হামলার রায়ের দিকে তাকিয়ে আছে। রায়ে খালেদা জিয়া-তারেক রহমানের ফাঁসি দেখতে চায় অগণিত মানুষ। ইতোমধ্যে সে রায়কে ঘিরে বিএনপি-জামায়াত হারমোনিয়াম বাজানো শুরু করে দিয়েছে। এই রায়কে নিয়ে কোনও টু শব্দ হলে তার জবাব বাংলার মানুষ দেবে।’

মঙ্গলবার বিকালে রাজশাহী নগরীর সাহেব বাজার বড় রাস্তায় ১৪ দলের জনসভায় তিনি এই কথা বলেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, তরিকত ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজ ভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য একেএম রেজাউল করিম তানসেন প্রমুখ।

নানক বলেন, ‘নির্বাচন শুরু হলেই সুড়সুড়ি দেওয়া শুরু হয়, এটা ষড়যন্ত্রের সুড়সুড়ি। বিএনপি-জামায়াতের কোনও ষড়যন্ত্র সহ্য করা হবে না।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি কুচক্রী দল উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। যারা দেশের স্বাধীনতাকে মানতে চায় না, উন্নয়ন চায় না। তাদের বিচার হবে আগামী নির্বাচনে গণজোয়ারে, জনগণ নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করে।’

জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, নগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ।