দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডি কর্মকর্তা নিহত

দিনাজপুরদিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় রংপুর বিভাগীয় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার গাড়িচালক।

আজ বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার উচিৎপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফর দিনাজপুরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলজিইডি সূত্রে জানা যায়, সকালে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যোগদানের জন্য তিনি দিনাজপুরে আসছিলেন। রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারালে তাদের বহনকারী জিপ রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ওই কর্মকর্তা ও চালক আহত হন। পরে ওই কর্মকর্তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চালককে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।