আশুলিয়ায় পৃথক স্থান থেকে এক পোশাক শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ অক্টোবর) দুপুরে আশুলিয়ার ডেণ্ডাবর এলাকা থেকে ইলেকট্রিক মিস্ত্রি জাহিদ হোসেন (২৮) ও সকালে জামগড়া এলাকা থেকে পোশাক শ্রমিক তাজুল ইসলামের (৩৪) লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আশুলিয়ার ডেণ্ডাবর এলাকায় কাজ করতে গিয়ে জাহিদ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।
আরও জানা যায়, পোশাক শ্রমিক তাজুল সকালে তার নিজ কারখানায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে তিনি আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে রিক্সার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।