‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

বন্দুকযুদ্ধটাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সভাপতি শরিফ ফরহাদ নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

রবিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) বেশ কয়েকজন চরমপন্থী নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দাইন্যা মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। সে সময় এক চরমপন্থি গুলিবিদ্ধ হয় ও অন্য চরমপন্থিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই চরমপন্থিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘আহত দুই র‌্যাব সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’