মৌলভীবাজারে যুবদল-পুলিশ সংঘর্ষে ৪ পুলিশ আহত

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিলতারেক রহমানসহ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে দেওয়া আদালতের রায়ের প্রতিবাদে মৌলভীবাজার জেলা যুবদলের বিক্ষোভ মিছিল চলার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য আহত  হয়েছেন। পুলিশ মিছিল থেকে ফাহিম আহমদ নামে এক যুবদল কর্মীকে আটক করেছে। রবিবার (১৪ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আহতরা পুলিশ সদস্যরা হলেন– মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক ইমরান আহমদ, সহকারী উপ-পরিদর্শক রণেশ ভট্টাচার্য্য, পুলিশ সদস্য রণধীর দাস ও মোবারক হোসেন। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদল একটি মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে চার পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।’

এ ঘটনায় মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।