ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ‘ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন, দুর্গোৎসব উপলক্ষে ১৫ অক্টোবর সোমবার থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত টানা ৬ দিন তারা বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখবেন। যেহেতু ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, এ কারণে আমাদেরও বন্ধ রাখা ছাড়া কোনও উপায় থাকে না।’ তিনি আরও জানান, আগামী ২১ অক্টোবর রবিবার থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার সাগর সেন বিষয়টি নিশ্চিত করে জানান, বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের জন্য কাস্টমসের সব কার্যক্রম যথারীতি চলবে।