ঠাকুরগাঁওয়ের মিতা চক্রবর্তী প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন রংপুর বিভাগের সেরা প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন। মিতা সদর উপজেলার ভোপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রবিবার (১৪ অক্টোবর) রংপুর বিভাগের সেরা শিক্ষক হিসেবে তার নাম ঘোষিত হয়। এর আগে গত ১৭ সেপ্টেম্বর প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার সেরা শিক্ষক ও ২৩ সেপ্টেম্বর একই ক্যাটাগরিতে ঠাকুরগাঁও জেলার সেরা শিক্ষকের পুরস্কার লাভ করেন তিনি।
শিক্ষক পেশায় আসতে গিয়ে তিনি ইংরেজি ভাষা ও চারু-কারুকলায় বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। মিতা জানান, সেরা শিক্ষকের প্রতিযোগিতায় মনোনীতদের পেশাগত দক্ষতার রেকর্ড দেখার পাশাপাশি মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হয়। সেখানে ভালো করলেই তবে এই পুরস্কার অর্জন করা সম্ভব হয়।
মিতার লক্ষ্য , তার ছাত্র-ছাত্রীদের শুধু ভালো পরীক্ষার নম্বর নয় , ভালো মানুষ হিসেবে গড়ে তোলা।
সেরা শিক্ষক নির্বাচিত হওয়ায় জেলার শিক্ষা কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজের পরিবারের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিতা চক্রবর্তী। একইসঙ্গে তার এই অবস্থানে আসার পেছনে অবদান রাখায় কাকা-কাকির প্রতি এই পুরস্কার উৎসর্গ করেছেন তিনি।