তাদের এ কর্মকাণ্ড স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের বিভিন্ন কলেজে অধ্যয়নরত তরুণ-তরুণীদের নিয়ে গড়া এ সংগঠনের সদস্যরা সবাই হিলির বাসিন্দা।
হাকিমপুর ফাউন্ডেশনের সদস্য সোহাগ সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৫-১৮ সালের এসএসসি ব্যাচের স্থানীয় ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে হাকিমপুর ফাউন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি গড়ে তুলি। হিলিতে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিজড়িত স্থান সন্মুখ সমর। দেশের সবচেয়ে বড় সম্মুখ যুদ্ধ হয়েছিল এখানে। শহীদদের স্মৃতি রক্ষার্থে এখানে সন্মুখ সমর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। কিন্তু বছরে একবার মহান স্বাধীনতা দিবসের অনু্ষ্ঠান হওয়ার পর বাকি সময় দেখভাল না করায় এখানে আবর্জনা ও আগাছায় ভরে যায়। আজকে এখানকার আবর্জনা ও আগাছা পরিষ্কারের মধ্য দিয়ে আমাদের সংগঠনের যাত্রা শুরু করলাম।’
হাকিমপুর ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, একঝাঁক তরুণ-তরুণী নিজ উদ্যোগে সম্মুখ সমরের আগাছা পরিষ্কার করেছেন, যা খুব প্রশংসনীয়। এতে করে হিলি পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।