রাজবাড়ীতে ২৮টি পাসপোর্টসহ নিতাই কুণ্ডু (৫৮) নামে এক পাসপোর্ট দালাল চক্রের সদস্যকে আটক করেছে র্যাব। রবিবার (২১ অক্টোবর) দুপুরে জেলা সদরের খানখানাপুর ইউনিয়নের কুণ্ডুপাড়ার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নিতাই কুণ্ডু সদর উপজেলার কুণ্ডুপাড়া গ্রামের মৃত অরবিন্দ কুণ্ডুর ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রইছ উদ্দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকের জানান, নিতাই কুণ্ডু রাজবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসের একজন দালাল। তিনি দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে পাসপোর্ট রেখে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত টাকা আদায় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৮টি পাসপোর্ট, ১১টি ভোটার আইডি কার্ড, নগদ ২৬ হাজার ৬শ টাকা, ৫১টি বিদেশি ডলার ও বিপুল পরিমাণ পাসপোর্টের আবেদন ফরমসহ তাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, নিতাই কুণ্ডু এর আগেও একবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে পাসপোর্ট দালাল আইনে একটি মামলা চলমান রয়েছে। বর্তমানে তিনি জামিনে বের হয়ে আবারও একই কর্মকাণ্ড চালাতে থাকেন। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে পাসপোর্ট দালাল আইনে আরও একটি মামলা করা হবে।