খণ্ডিতভাবে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

বক্তব্য রাখছেন নুরুল ইসলাম নাহিদ (ছবি– প্রতিনিধি)

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘খণ্ডিতভাবে উচ্চশিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। এজন্য শিক্ষাব্যবস্থার প্রত্যেক স্তরে উন্নয়ন আবশ্যক। আর প্রয়োজন নিবেদিত প্রাণ শিক্ষক, যারা জ্ঞান সৃষ্টি ও বিতরণে নিজেদের উৎসর্গ করবেন। জ্ঞান সৃষ্টি ও জ্ঞান বিতরণই শিক্ষকের কর্তব্য।’

রবিবার (২১ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ১০৪০ কোটি টাকা ব্যয়ে গৃহীত পাঁচ বছর মেয়াদি ‘কলেজ শিক্ষা উন্নয়ন প্রকল্প (সিইডিপি)’র এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে কর্মশালয়  ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ মান্নান, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব ড. মাহমুদুল হক এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের ড. মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া, অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক এ কে এম মুখলেছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন এবং প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন উপ-পরিচালক অধ্যাপক এ কে এম আব্দুল হালিম।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘সিইডিপি প্রকল্পের টাকা জনগণের। যথাসময়ে এ প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে। বরাদ্দকৃত অর্থের সামান্যতমও যাতে অপচয় না হয়, সে ব্যাপারে যত্নবান হতে হবে।’

অনুষ্ঠানে দেশের অনার্স বা মাস্টার্স পর্যায়ের প্রায় ৩০০ কলেজের অধ্যক্ষ ও শিক্ষকের অংশগ্রহণ করেন।