পুলিশ জানায়, মাহতাব-ই-রাজু নামের ওই সেনা কর্মকর্তা টাঙ্গাইল ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। পারিবারিকভাবে দাবি করা হয়েছে, বর্তমানে তিনি মানসিকভাবে অসুস্থ। তিন দিন আগে নওগাঁ শহরের উকিলপাড়ায় নিজের বাসায় আসার পর থেকে তিনি নানাভাবে পরিবারের সদস্যদের উত্ত্যক্ত করছেন। নিজের বাড়িসহ আশপাশের বাড়িগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করছিলেন। আজ বুধবার বেলা সাড়ে ৯টার দিকে উত্তেজিত হয়ে বাড়িতে ভাঙচুর চালান এবং ঘরের ভেতর ঢুকে আত্মহত্যা করবে বলে দরজা বন্ধ করে দেন। এতে আতঙ্কিত হয়ে তার মা নাসিমা খাতুন ও বোন নাজনীন নাহার নওগাঁ সদর থানায় ফোন করে তাদের অবস্থা জানিয়ে তাড়াতাড়ি পুলিশকে বাসায় আসতে বলেন। তখন নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন ফোর্স নিয়ে ওই বাড়িতে যান। প্রথমে ডাকাডাকি করে কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। এ সময় দরজার আড়ালে লুকিয়ে থেকে আনোয়ার হোসেনের বুকে ছুরিকাঘাত করেন রাজু। সাব-ইন্সপেক্টর হানিফ উদ্দিন মণ্ডলও তখন আহত হন।
নওগাঁ সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওই সেনা কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’