কক্সবাজারে সোয়া ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারে সোয়া ৪ কোটি টাকার ইয়াবাসহ আটক ৪কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে ৮২ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করেছে র‍্যাব-৭ সদস্যরা। এ সময় একটি মিনি ট্রাক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. লোকমান (২২), মো. মেহেদি (৩০), মো. লিটন (৩৪) ও মো. সুমন (৩১)। তাদের প্রত্যেকের বাড়ি কুমিল্লা জেলায়।

আজ বুধবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা ও গাড়িসহ তাদের আটক করা হয় বলে জানান র‍্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি হাসান।

মেজর মেহেদি হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৭-এর একটি দল অভিযানে নামে। এ সময় তল্লাশিকালে একটি প্রাইভেটকার ও একটি মিনি ট্রাক থেকে ৮২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য চার কোটি ২০ লাখ টাকা। জব্দকৃত ইয়াবা, গাড়ি ও আটক ব্যক্তিদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’